রাজধানীর উত্তরায় পার্কিং-এ দাঁড়িয়ে থাকা একটি বাসে যান্ত্রিক ত্রুটির কারণে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে । তবে আগুন লাগার সময় ভূঁইয়া পরিবহনের ওই বাসটিতে কোনো যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উত্তরার হাউজ বিল্ডিং এলাকায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ আলম।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় বাসটি পার্কিং করা ছিল। ওই সময় বাসটিতে কোনো যাত্রী ছিল না।এ বিষয়ে ওসি মোর্শেদ আলম বলেন, ‘বাসটি পার্কিং করা থাকলেও চালক ও সহকারী (হেল্পার) ইঞ্জিনের সুইচ চালু রেখে নিচে চা পান করতে নেমেছিলেন। ওই সময় ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং বাসে আগুন ধরে যায়।’
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলেও জানান তিনি।
Reporter Name 

















