এই মুহূর্তে ঢাকার মঞ্চের বহুমাত্রিক ও দুর্দান্ত এক অভিনেতার নাম শুভাশীষ দত্ত তন্ময়। অসংখ্য নাটকে তিনি তাঁর বৈচিত্রপূর্ণ অভিনয়ের ছাপ রেখেছেন ইতোমধ্যে।
আজ শিল্পকলায় তাঁর অভিনীত “দমের মাদার” নাটকের ৮০ তম মঞ্চায়ন। এ প্রসঙ্গে তিনি বলেন, ড. আইরিন পারভিন লোপা আমার নাট্যগুরু। তাঁর নিকট কৃতজ্ঞতার শেষ নেই তিনি আমাকে এ নাটকে অভিনয় করার সুযোগ দিয়েছেন বলে। তাঁর নির্দেশিত, সাধনা আহমেদ রচিত, নাট্যম রেপার্টরী প্রযোজিত আলোড়ন সৃষ্টিকারী প্রযোজনা দমের মাদার। তাঁর ডাকে সাড়া দিয়ে এমন শক্তিশালী একটি চরিত্রে অভিনয় করা একদিকে আমাকে যেমন দিয়েছে কাজের তৃপ্তি তেমনই দিয়েছে পরিচিতি। দেশের মধ্যে তো বটেই দেশের বাইরে এনএসডি’র ফেস্টিভ্যালসহ প্রায় ১৬ট আন্তর্জাতিক ফেস্টিভ্যালে অসংখ্য বার নাটকটিতে অভিনয় করেছি। গত বুধবার থেকে আজ পর্যন্ত তিনদিনে টানা পাঁচটি মঞ্চায়ন হচ্ছে। আজ প্রযোজনাটি তার মঞ্চায়নের আশিতম প্রদর্শনীতে পৌঁছাবে। এ নাটকে অভিনয় করতে পারা যেমন ছিল চ্যালেন্জিং তেমনি একটানা পাঁচটি শো করতে পারাটা এই মুহুর্তে এক রোমাঞ্চকর অনুভূতি। সকলের আর্শীবাদ নিয়ে সকলকে ভালো অভিনয় যেন উপহার দিতে পারি সেটিই সকলের কাছে কামনা।
এ নাটকে আরও অভিনয় করেছেন শিশির রহমান, পারভীন পারু, মাহমুদা আক্তার লিটা, রাজীব দেব অমিতাভ, শাকিল আহমেদ, শরিফুল ইসলাম মামুন, মনোহর চন্দ্র দাস, বিউটি, আশরাফুল আরিয়ানসহ আরও অনেকে। নাটকটির মঞ্চ ও আলোক পরিকল্পনা রয়েছেন জুনায়েদ ইউসুফ এবং সংগীত পরিচালনায় রয়েছেন পরিমল মজুমদার।
এ নাটক ছাড়াও ঢাকার মঞ্চে তাঁর নিয়মিত প্রদর্শনী হচ্ছে যে সকল নাটক উত্তরণ, শায়েস্তা খাঁর পরী, কোথায় জলে মরাল চলে, মাতৃ দর্শন, বিসর্জন, বাঘ, সলিটারি কনফাইনমেন্ট, মাংকিস পাও ইত্যাদি।
নিজস্ব প্রতিবেদক 













