ভোট কেন্দ্রে বাধা প্রদানের ঘটনায় বাগেরহাটে বিএনপি-জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় সেনাবাহিনীসহ যৌথ বাহিনী মোতায়েন ও টহল জোরদার করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে জেলার শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের সোনাতলা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নারীদের ভোট কেন্দ্রে বাধা দিলে তৎক্ষণাৎ জামায়াত ও বিএনপির সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়, এক পর্যায়ে উভয় পক্ষের সমর্থকরা লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। এর মধ্যে ৫-৬ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।
অপরদিকে, ভোটারদের ভোট কেন্দ্রে যেতে বাধা দেওয়ার পাশাপাশি এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করেছেন বাগেরহাট-২ আসনের স্বতন্ত্র প্রার্থী এম,এ,এইচ সেলিম ও জামায়াত প্রার্থী মনজুরুল হক রাহাদ।
এদিকে, জেলাটিতে যৌথ বাহিনীর অভিযানে হাতুড়ি, চাকু, হাসুয়া সহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট শহরের হাড়িখালী কাঠেরপুল এলাকার একটি ফার্নিচারের দোকান থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। এছাড়াও জেলার কচুয়া উপজেলার বিস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের পাশ থেকে ৫টি দেশীয় অস্ত্রসহ নাহিদ ইসলাম নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
ডেস্ক রিপোর্ট 

















