টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় প্রাইভেটকার ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের জোকারচর গোহালিয়া বাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে একটি প্রাইভেটকার উত্তরবঙ্গের উদ্দেশ্যে যাচ্ছিল। প্রাইভেটকারটি কালিহাতী উপজেলায় জোকারচর এলাকায় পৌঁছালে রাস্তা পারাপারের সময় একটি ভ্যানকে ধাক্কা দেয়। তৎক্ষণাৎ ভ্যানচালক ও এক যাত্রী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানের কর্তব্যরত চিকিৎসক শরীফ উদ্দিনকে মৃত ঘোষণা করেন। পরে উন্নত চিকিৎসার জন্য আমির আলীকে ঢাকায় নেওয়ার পথে তিনিও মারা যান।
নিহত ভ্যানচালক আমির আলী (৪০) কালিহাতী উপজেলার গোহালিয়া বাড়ি এলাকার আমজাদ আলীর ছেলে । অপরজন হলেন ভ্যানের যাত্রী একই এলাকার আব্দুল মান্নানের পুত্র শরীফ উদ্দিন (৪১)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে যমুনা সেতু পূর্ব থানার এসআই শরিফুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে আছে। উক্ত ঘটনার অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডেস্ক রিপোর্ট 

















