ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধী দলের নেতৃত্ব নির্ধারণ করা হয়েছে। প্রধান বিরোধীদল হিসেবে আত্মপ্রকাশ করা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে বিরোধীদলীয় নেতা নির্বাচিত করা হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদ সদস্যদের শপথগ্রহণ শেষে অনুষ্ঠিত সংসদীয় দলের বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়।
দলীয় সূত্র জানায়, সংসদে কার্যকর ও সমন্বিত ভূমিকা রাখার লক্ষ্যেই শীর্ষ নেতৃত্বকে সামনে আনা হয়েছে। ফলে জামায়াতের সর্বোচ্চ নেতা ডা. শফিকুর রহমান সরাসরি সংসদে বিরোধী দলের নেতৃত্ব দেবেন।
বিরোধীদলীয় উপনেতা নির্বাচিত হয়েছেন কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। দলীয় ও জোট রাজনীতিতে সক্রিয় ভূমিকার কারণে তাকে এ দায়িত্ব দেয়া হয়েছে বলে জানা গেছে।
অন্যদিকে বিরোধীদলীয় চিফ হুইপ করা হয়েছে ঢাকা-১১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলামকে। এছাড়া হুইপের দায়িত্ব পালন করবেন মাওলানা রফিকুল ইসলাম খান। বিরোধী জোটের বিভিন্ন দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করতেই এভাবে দায়িত্ব বণ্টন করা হয়েছে বলে জানা গেছে।
এর আগে মঙ্গলবার দুপুর ১২টার কিছু পর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে সংসদ সদস্য হিসেবে শপথ নেন জামায়াত ও তাদের জোটের এমপিরা। তবে শপথগ্রহণের আগে সংবিধান সংস্কার ইস্যুতে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল। জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছিল, বিএনপি সংস্কার পরিষদে শপথ না নিলে দলটির কেউ এমপি হিসেবে শপথ নেবে না। এ পরিস্থিতিতে নবনির্বাচিত সদস্যরা সংসদ ভবনে জরুরি বৈঠকে বসেন। দীর্ঘ আলোচনার পর তারা শপথ গ্রহণের সিদ্ধান্ত নেন।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটি এককভাবে ২১২টি আসনে জয় পেয়ে সরকার গঠনের পথ সুগম করে। অন্যদিকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট ৭৭টি আসনে বিজয়ী হয়ে সংসদে প্রধান বিরোধী শক্তি হিসেবে অবস্থান নেয়।
ডেস্ক রিপোর্ট 

















