ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার কালাকচুয়া এলাকায় স্টার লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় একই পরিবারের ৪ জনসহ মোট ৫ জন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও ১ জন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় মহাসড়কের কালাকচুয়া এলাকায় মিয়ামী হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানার ছাতারপাইয়া গ্রামের আব্দুল মমিন (৫০), আব্দুল মমিন এর স্ত্রী ঝর্না বেগম (৪০), ছেলে সাইফ (৭) ও মেয়ে লাবিবা (১৮) এবং প্রাইভেটকার চালক জামাল হোসেন (৫২)। চালকের বাড়ি বরিশাল জেলায়। দুর্ঘটনায় আব্দুল মুমিনের ছেলে আবরার (১২) ময়নামতি আর্মি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে।
ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ওসি আবদুল মমিন জানান, ‘বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় মিয়ামি হোটেলের সামনে স্টার লাইন পরিবহনের একটি বাসের ধাক্কায় প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালক এবং হাসপাতালে নেওয়ার পর আরও ৪ যাত্রী মারা যান।’
তিনি আরও জানান, ‘নিহতদের মধ্যে একই পরিবারের ৪ জন রয়েছে এবং তারা সকলেই সেই প্রাইভেটকারের যাত্রী।’
দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে হাইওয়ে পুলিশ।
ডেস্ক রিপোর্ট 









