প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নবনির্বাচিত সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে মোট ৮টি প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে, যারমধ্যে অনুমোদন পেয়েছে ৬টি এবং ২টি বাদ রাখা হয়েছে।
সোমবার ( ০৬ এপ্রিল ) সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমানের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এ বিষয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জসিম উদ্দিন জানান, বৈঠকে মোট ১৯টি প্রকল্প উপস্থাপনের কথা ছিল। তবে সময়ের সীমাবদ্ধতার কারণে ৮টি প্রকল্প নিয়ে আলোচনার পর সভাটি স্থগিত করা হয়। এই ৮টির মধ্যে ৬টি প্রকল্প অনুমোদিত হয়েছে এবং ২টিকে পরবর্তী পর্যালোচনার জন্য রাখা হয়েছে। আলোচ্যসূচির বাকি প্রকল্পগুলো নিয়ে আগামী সপ্তাহের বৈঠকে বিস্তারিত আলোচনা হবে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা হওয়ার রীতি থাকলেও, এবার সেটির পরিবর্তে সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয়। কর্মকর্তাদের ধারণা, প্রধানমন্ত্রীর বর্তমান কর্মব্যস্ততা ও সচিবালয়কেন্দ্রিক কার্যক্রম পরিচালনার সুবিধার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ডেস্ক রিপোর্ট 






















