রাজধানী ও এর আশেপাশের এলাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত ৯টা ৩৪ মিনিটের দিকে এই কম্পন অনুভূত হয়।
প্রাথমিকভাবে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৯। উৎপত্তিস্থল মিয়ানমারের ম্রাউক-ইউ শহর থেকে ৪২ কিলোমিটার দূরে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মিয়ানমারে মঙ্গলবার ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসাইন্সের (জিএফজেড) বরাত দিয়ে এতে বলা হয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি ১০ কিলোমিটার গভীরে।
এর আগে আজ মঙ্গলবার ভোর ৪টা ৩৬ মিনিটে ঢাকা ও আশেপাশের এলাকায় ভূকম্পন অনুভূত হয়। বাংলাদেশ আবহাওয়া অধিপ্তরের তথ্যে, সাতক্ষীরার কলারোয়ায় হালকা ধরনের এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ১।
পাশাপাশি গত রোববার ভোরে রাজধানী ও আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প হয়। আবহাওয়া অধিদপ্তর জানায়, ভূমিকম্পটি ভোর ৪টা ৩২ মিনিট ৩২ সেকেন্ডে আঘাত হানে। রিখটার স্কেলে ৩ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেট শহর থেকে পূর্ব-দক্ষিণ-পূর্ব এলাকা।
গত ২১ নভেম্বর হওয়া ভূমিকম্পে সারা দেশে নিহত হয় ১০ জন, আহত হয় ছয় শতাধিক। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭।
ডেস্ক রিপোর্ট 


















