রাজধানীর সাত সরকারি কলেজের উচ্চশিক্ষা ও গবেষণা ব্যবস্থাপনায় ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ গঠনের অধ্যাদেশ জারি করেছে সরকার।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ ২০২৬’ প্রকাশ করা হয়। এর আগে রোববার (৮ ফেব্রুয়ারি) অধ্যাদেশটি গেজেট আকারে প্রকাশিত হয়।
খসড়া অধ্যাদেশে সাতটি কলেজকে চারটি স্কুলে বিভক্ত করার প্রস্তাব থাকলেও চূড়ান্ত অধ্যাদেশে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। এতে বলা হয়েছে, কলেজগুলোর স্বকীয়তা অক্ষুণ্ন রেখে একাডেমিকভাবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সঙ্গে যুক্ত থাকবে প্রতিষ্ঠানগুলো।
অধ্যাদেশ অনুযায়ী, নতুন এই বিশ্ববিদ্যালয়ের আওতায় আসছে—ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ।
এই সাতটি কলেজ একসময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল। পরে ২০১৭ সালে কলেজগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। তবে দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে একাডেমিক হয়রানির অভিযোগ তুলে শিক্ষার্থীরা একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছিলেন।
শিক্ষার্থীরা বলছেন, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের সিদ্ধান্ত উচ্চশিক্ষা ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। এটি তাদের দীর্ঘদিনের আন্দোলন ও দাবির বাস্তবায়ন।
ডেস্ক রিপোর্ট 














